একনেকে যমুনার ভাঙ্গন রোধে প্রকল্প অনুমোদন, মিষ্টি বিতরণ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৬-০৯ ২০:৩৩:০১
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দক্ষিণাঞ্চলে যমুনার ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মানে প্রায় সাড়ে ৬শ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। দীর্ঘ প্রতিক্ষার পর মঙ্গলবার একনেক সভায় এ প্রকল্পটি অনুমোদন হয়।
এ আনন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ২দিন ধরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উক্ত এনায়েতপুর থানার দক্ষিণাঞ্চলে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গন চলছে দীর্ঘদিন ধরে। এ ভাঙ্গনে দফায় দফায় ঘরবাড়ি, জায়গা জমি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গাছপালাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এতে এ অঞ্চলের অনেক পরিবার নিঃস্ব ও পথেও বসেছে। এ ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সম্প্রতি স্থানীয় পাউবো একটি প্রকল্প অনুমোদনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রায় ৫ বছরেও প্রকল্পটি অনুমোদন হয়নি মর্মে বিভিন্ন গনমাধ্যমে এ ভাঙ্গনের চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশিত হয় এবং স্থানীয়রা এ ভাঙ্গন রোধে বিভিন্ন সভা সেমিনার, অনশন, মানববন্ধন করে। এসব কর্মসূচীরও সংবাদ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়।
এদিকে পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব, স্থানীয় এমপিসহ পাউবো কর্মকর্তারা একাধিকবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা দ্রুত স্থায়ী বাঁধ নির্মানের আশ্বাস দেন। দীর্ঘ প্রতিক্ষার পর এ প্রকল্পটি একনেক সভায় অনুমোদন হয়। এ আনন্দে মঙ্গলবার বিকেলে এবং বুধবার সকালে যমুনার পাড়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী। এ সময় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া এ আনন্দে যমুনার পাড়ে গরু জবাই করে খিচুরি বিতরণও করা হবে। এ বিষয়ে স্থানীয় পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন জানান, একনেক সভায় প্রায় সাড়ে ৬শ কোটি টাকার প্রকল্পটি অনুমোদিত হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রকল্পের কাজ শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













