নতুন কমিশনের নেতৃত্বে পুঁজিবাজারে গতিশীলতা বেড়েছে- সিএসই চেয়ারম্যান
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৬-১০ ১১:১৮:৫৯
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন নতুন কমিশন তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে পুঁজিবাজারের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যার প্রভাব পুঁজিবাজারে দেখতে পাচ্ছি। তাদের নেতৃত্বে বাজারে গতিশীলতা তৈরী হয়েছে। যা বিনিয়োগকারীসহ অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে আস্থা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
বৃহস্পতিবার (১০ জুন) দেশের পুঁজিবাজারে এসএমই বোর্ডে প্রথম কোম্পানি হিসেবে নিয়ালকো অ্যালয়ের লেনদেনের উদ্ভোধনীতে তিনি এ কথা বলেন। এসময় সিএসইর পরিচালনা পর্ষদ, নিয়ালকো অ্যালয়ের পর্ষদ ও ইস্যু ম্যানেজার এমটিবি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।
নতুন কমিশন ভবিষ্যতে পুঁজিবাজারের প্রবৃদ্ধি আরও নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন আসিফ ইব্রাহিম। একইসঙ্গে তাদের দক্ষতায় উন্নত পুঁজিবাজার গড়তে সক্ষম হবেন বলে যোগ করেন তিনি।
এসময় দেশের এসএমই খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানান সিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, সরকার এই খাতকে উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আর সেই এসএমই খাতের কোম্পানি হিসেবে নিয়ালকো অ্যালয় সিএসইতে তথা পুরো দেশে প্রথমবারের মতো এসএমই বোর্ডে লেনদেন শুরু হল। যার সাক্ষী হয়ে রইল সিএসই।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিএসইসির ৭৭০তম সভায় প্রথম কোম্পানি হিসেবে নিয়ালকো অ্যালয় লিমিটেডকে কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয় বিএসইসি। এ কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে। ২০১৮ সালের রুলস অনুযায়ী কোম্পানিটি প্রতিটি ১০ টাকা করে ৭৫ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগাকারীদের নিকট ইস্যুর মাধ্যমে এই টাকা উত্তোলন করে।
এলক্ষ্যে কোম্পানিটির কিউআইওতে আবেদন গ্রহণ ১৬ মে শুরু হয়ে চলে ২০ মে পর্যন্ত। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিাটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১০:১৬/১০/৬/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













