ব্রিজে উঠতে-নামতে বাঁশের সাঁকো!

উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৬-১৭ ১৬:৫৬:১৩


বন্যায় পানির স্রোতে ব্রিজের দুই পাশের মাটি সরে গেছে। এরপর থেকে এটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা। বাধ্য হয়ে ব্রিজ পার হতে বাঁশের সাঁকো ব্যবহার করছে স্থানীয়রা। তবে ব্রিজের দুই পাশে বাঁশের সাঁকো হওয়ায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে ওই পথে। এতে ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মেকিয়ারকান্দা বাজারের দক্ষিণ পাশের ব্রিজের অবস্থা এটি।

ওই সড়কে চলাচলকারী দক্ষিণ ডোমঘাটা, প্রশ্চিম বিলপাড়, প্রশ্চিম ডোমঘাটা, মেকিয়ারকান্দাসহ বেশ কয়েক গ্রামের হাজারো মানুষ ব্যবহার করে ব্রিজটি। ব্রিজের দুই পাশ ও সংযোগ সড়কে দীর্ঘদিন ধরে মাটি না থাকায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় মোতালেব হোসেন বলেন, ‘এই ব্রিজ দিয়ে ১০টি গ্রামের মানুষ যাতায়াত ও যানবাহনে পণ্য পরিবহন করত। ব্রিজের সংযোগ সড়ক ভেঙে যাওয়ার পর থেকে গ্রাম থেকে বাজারে ধান, চাল ও কৃষিপণ্য যানবাহনে পরিবহন করা যাচ্ছে না। অসুস্থ ব্যক্তি ও রোগীদের এই সাঁকো দিয়ে পার হয়ে হাসপাতালে যেতে খুব কষ্ট হয়।’

ইউপি চেয়ারম্যান ফরহাদ রাব্বানী সুমন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। অল্প সময়ের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রকৌশলী শাহিনুর ফেরদৌস বলেন, বিষয়টি আমার জানা ছিল না। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সানবিডি/এএ