ছাত্রলীগ কর্মীর হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৬-২৫ ১৩:০৬:৪২
পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন ছাত্রলীগ কর্মীর দুই হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আহত ছাত্রলীগ কর্মী হাসান গাজী চাকামইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে কলাপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ড চৌরাস্তায় সাত থেকে দশ জনের একদল সশস্ত্র যুবক এ হামলা চালায়। হামলায় তার দুই হাতের কব্জির রগ কেটে হাড় বের হয়ে যায়। মাথায়ও ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয়।
স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে প্রচন্ড রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়। স্থানীয়রা জানায়. ঘটনার সময় হাসান তার বাবার সাথে চাকামইয়া ইউনিয়নে নিজ বাসায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে তৈরি হয়ে থাকা সশস্ত্র যুবকরা এ হামলা চালায়।
কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান আশিক তালুকদার জানান, বাসষ্টান্ডে আধিপত্য বিস্তার নিয়ে কিছুদিন ধরেই দুই গ্রুপের কোন্দল চলছে। এর রেশ ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার মিলি গণমাধ্যম কর্মীদের জানান, হাসানের দুই হাতের কব্জি বরাবর রগ কেটে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনা শুনেই ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করা হবে বলে জানান।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













