প্রেমের টানে ঘর বাঁধতে এসে প্রেমিকসহ ভারতীয় তরুণী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৭ ১৯:৪৮:৫০


রংপুরে প্রেমের টানে ঘর বাঁধতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ভারতীয় তরুণী। এ সময় তার প্রেমিক ও বন্ধুকেও গ্রেফতার করে পুলিশ।

রোববার (২৭ জুন) দুপুরে ভারতীয় তরুণীসহ তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

সদর কোতয়ালী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আড়াই বছর আগে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবৈধভাবে অনুপ্রবেশ করে রংমিস্ত্রিও কাজ শুরু করেন রংপুর সদর উপজেলার পুষ্করনী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মিলন (২৪) ও তার বন্ধু হাবিবুর (২৫)।

সেখানে হুগলি জেলার কোতোয়ালি থানার ভাংত জাংলা গ্রামের মন্টু পণ্ডিতের মেয়ে প্রীতি পণ্ডিতের (২০) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মিলনের। এরই মধ্যে মিলন তার বন্ধুসহ বাংলাদেশে ফিরে এলেও প্রিতির সাথে মিলনের ভার্চুয়াল সম্পর্ক বজায় থাকে। একপর্যায়ে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে প্রীতি গত ২৪ জুন যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে রংপুর আসেন। মিলন প্রথমে প্রিতিকে নিজ বাড়ি পালিচড়া ফাজিলখাঁ নয়াপুকুরে নিয়ে যান। সেখানে বিষয়টি নিয়ে কানাকানি শুরু হলে মিলন তার বন্ধু হাবিবুরের সহায়তায় পাশের রানীপুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া গ্রামের লতিফুলের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় সোর্সের কাছে খবর পেয়ে সেখান থেকে তাদের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিনা পাসপোর্ট ও অনুমতি ছাড়া সীমান্ত পার হয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে সদর কোতোয়ালি থানায় মানবপাচার আইনের ৬,৭,৮ ও ১০ ধারার একটি মামলা হয়েছে।

এসআই জাহাঙ্গীর আলম ভারতীয় তরুণীকে সেভ হোমে রাখার জন্য আমলি আদালতের বিচারকের কাছে আবেদন করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে গ্রেফতার মিলন ও হাবিবুরকে কারাগারে এবং তরুণীকে সেভ হোমে পাঠানো হয়েছে।

সানবিডি/এএ