শাহরাস্তিতে দুর্বৃত্তের হাতে সমাজসেবা কর্মকর্তা খুন

উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-০১ ১৮:৫৩:৫৯


চাঁদপুরের শাহরাস্তিতে দুর্বৃত্তদের হাতে মো: নুরুল আমিন (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা খুন হয়েছেন। ওই ঘটনায় দুর্বৃত্তের আঘাতে গুরুতর আহত হয়েছেন নিহত নুরুল আমিনের স্ত্রী কামরুন নাহার (৬১)।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে শাহরাস্তি থানা পুলিশ নিহতের বাড়ি পৌর শহরের নাওড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গুরুতর আহত বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠায়।

এলাকাবাসী জানায়, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত: আ: মজিদের ছেলে নিহত নুরুল আমিন ১৯৯৭ সালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নাওড়া গ্রামের বাসিন্দা। বাড়িতে তিনি ও তার স্ত্রী বসবাস করতেন। স্ত্রী কামরুন নাহার পাশের কুমিল্লা জেলার বরুড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে অবসর জনিত ছুটিতে রয়েছেন। বুধবার হতে নিহতের সন্তানরা তাদের মুঠোফোনে না পেয়ে প্রতিবেশী শামছুল হক পাটোয়ারিকে বাড়িতে খোঁজ নেয়ার অনুরোধ জানান। তিনি বাড়ির সম্মুখ গেট তালাবদ্ধ পেয়ে জানালা দিয়ে রক্তাক্ত অবস্থায় কামরুন্নাহারকে পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গেটের তালা ভেঙ্গে কামরুন্নাহারকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে বাড়ির ছাদ থেকে নিহতের লাশ উদ্ধার করে।

মেয়ে জান্নাতুন নূর মিলি জানান, মঙ্গলবার রাত ৮টা ৭ মিনিটে মা কামরুন্নাহারের সাথে তার মুঠোফোনে কথা হয়েছিল। বুধবার তিনি কাজে যাওয়ার কথা ছিল।

তিনি আরো জানান, ছোট বোন শামছুন্নাহার লুনার বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি বাবদ ৩০ হাজার টাকা ব্যাংক হতে তুলে ঘরে রেখেছিলেন। বুধবার রাতে প্রচুর ঝড়-বৃষ্টি হওয়ায় তিনি মা-বাবার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর প্রতিবেশী শামছুল হক পাটোয়ারি ঘটনা জেনে জরুরি সেবায় ফোন দেন।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল মান্নান জানান, সংবাদ পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো: আবুল কালাম চৌধুরী, পিবিআই ও সিআইডি পুলিশের কয়েকটি ইউনিট ঘটনাটি পর্যবেক্ষণ করেছেন।

তিনি আরো জানান, পুলিশ বাড়ির একটি কক্ষ থেকে গুরুতর আহতাবস্থায় কামরুন্নাহারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং পরে ওই বাড়ির ছাদ থেকে নুরুল আমিনের লাশ উদ্ধার করে।

চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি জানান, তাদের ঘরে সমস্ত জিনিসপত্র সঠিকভাবে আছে। কোনো কিছু খোয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় বলেন, নুরুল আমিনের মাথায় আঘাত এবং গলায় মোজা প্যাঁচানো রয়েছে। ক্ষত জায়গায় পচন ধরেছে। ধারণা করা হচ্ছে ঘটনাটি দু’তিন দিন আগের। এই মুহূর্তে আর বিশেষ কিছু বলা যাচ্ছে না।

সানবিডি/এএ