প্রধানমন্ত্রীর আশ্বা‌সেও কাট‌ছে না সংকট!

আপডেট: ২০১৬-০১-১৯ ১০:৩০:১০


hasinaবিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে বহুল প্রতিক্ষিত আজকের বৈঠকে চলমান সমস্যার দ্রূত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এই আশ্বাসেই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান হবে কিনা, এ ব্যপারে ফেডারেশনের মিটিংয়ের পর পরিষ্কার জানা যাবে।

শিক্ষক নেতারা ৭ম পে স্কেলের মতো ৮ম পে স্কেলেও গ্রেড-১ এ যাওয়ার সুবিধা চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক নেতা জানান, শিক্ষকদের বলা হয়েছে তারা গ্রেড-১ যেতে পারবেন। তবে তা আগের মতো হবে না। গ্রেড-৩ এ থাকা মোট অধ্যাপকের ২৫ ভাগ গ্রেড-২ তে যাবে। অার গ্রেড ১ এ যাবে গ্রেড-২ তে থাকা শিক্ষকদের ২৫ ভাগ। আর সিনিয়র সচিব পদমর্যদায় কোনো শিক্ষক যেতে পারবেন কিনা সেই বিষয়ে সুস্পষ্ট কোনো আশ্বাস পাওয়া যায়নি। শিক্ষকদের এই দাবিগুলো এক সাথে পূরণ না করে ধাপে ধাপে পূরণের আশ্বাস দেয়া হয়েছে। সানবিডি২৪.কমের পক্ষে অন্য কোনো সূত্র থেকে এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যাতে গ্রেড-৩ থেকে গ্রেড-১-এ যেতে পারেন, তার সোপান তৈরি করা হবে। অন্য দাবিগুলো পর্যালোচনা করে পূরণ করা হবে।
প্রধানমন্ত্রীর পিঠা উৎসবে অংশগ্রহণ করেছেন এমন একজন শিক্ষক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আজকের এই আশ্বাসে শিক্ষক নেতারা সম্পূর্ণরূপে সন্তুষ্ট নয়। সেই কারণেই প্রধানমন্ত্রীর আহ্বানে ক্লাসে ফিরে যাওয়ার ক্ষেত্রেও শিক্ষক নেতারা কৌশলী ভূমিকা গ্রহণ করেন। তারা প্রধানমন্ত্রীর ওই আহবানে তাৎক্ষণিক সম্মতি প্রদান না করে জানান, ফেডারেশনের মিটিংয়ের পর ক্লাসে ফিরে যাওয়ার ব্যপারে জানানো হবে।
সূত্রে জানা যায়, এখন সাধারণ শিক্ষকদের উপরই শিক্ষক নেতারা সব ছেড়ে দেবেন, যদি সাধারণ শিক্ষকগণ বলেন তাহলে শিক্ষক নেতারা আন্দোলন চালিয়ে যাবেন।
এমতাবস্থায় শিক্ষক নেতাদের সাথে প্রধানমন্ত্রীর আজকের এই বৈঠকের ফলে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতী প্রত্যাহার করা হবে কিনা তা নিশ্চিতভাবে আগামী কাল মঙ্গলবার ফেডারেশনের মিটিংয়ের পর জানা যাবে । তবে সামগ্রিক দিক বিবেচনা করে ধারণা করা হচ্ছে সেই সম্ভবনা ক্ষীণ।
সানবিডি/ঢাকা/রাআ

 সানবিডি২৪ ডটকমের সর্বশেষ সংবাদ আপডেট পেতে ফেসবুকে লাইক দিন