রাজশাহী মেডিকেলে আরও ১৭ করোনা রোগীর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-০২ ১১:৩০:৩৩
লকডাউনের প্রথম দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।
এর আগে গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে সর্বোচ্চ ২৫ জন মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
মৃত ১৭ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের তিন, নাটোরের দুই, নওগাঁর এক এবং পাবনার একজন রোগী ছিলেন।
হাসপাতালটিতে এ মাসের দুদিনে ৩৯ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বোচ্চ ৭৬ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৬৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













