দিনাজপুরে নিখোঁজের একদিন পর কিশোরীর মাটিচাপা মরদেহ উদ্ধার
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৭-০৪ ১৭:২৫:৫১
দিনাজপুরের কাহারোল উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ১১ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে জেলার কাহারোল উপজেলার ২নং রসুপুল ইউনিয়নের বনড়া গ্রামের একটি বিলের পাশে থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর নাম জাকিয়া আক্তার।সে কাহারোলের ৩নং তারগাঁও ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মেয়ে ও একই উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয়দের বরাতে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান, শনিবার দুপুরে প্রাইভেট পড়ার উদ্দেশে উপজেলার তরলা বাজারে শিক্ষক শরিফুল ইসলামের বাড়িতে যায় জাকিয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে সেই শিক্ষকের বাড়িতে কিশোরীর পরিবারের লোকজন গিয়ে জানতে পারে, ওই কিশোরী প্রাইভেট পড়তে আসেনি। পরে রোববার সকাল ১০টার দিকে বনড়া গ্রামের একটি বিলের পাশে নতুন মাটির ঢিবি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি বলেন, কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। তবে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না তা ময়নাতদন্তের পর জানা যাবে। নিহতের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কাহারোল থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই ঘটনার পর দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোমিনুল করিম, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার রওশন আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













