যমুনার পানি বৃদ্ধি অব্যাহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-০৬ ১৯:৩৩:৩৯


সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনায় ৩১ সেঃমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই জেলার অভ্যান্তরীন নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেড কোয়ার্টার) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, টানা প্রবল বর্ষণ ও কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা দফায় দফায় পাহাড়ী ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

ইতিমধ্যেই অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ও হচ্ছে। এতে তিল, কাউন, পাটসহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ার উপক্রমও হয়েছে। যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশংকাও করা হচ্ছে।

গত সপ্তাহে ব্যাপকভাবে পানি বাড়লেও গত দুদিন ধরে পানি বৃদ্ধির হার কিছুটা কম। যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে ভাঙনও দেখা দিয়েছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসব ভাঙন স্থানে নজর রাখছেন এবং ভাঙন রোধে জরুরী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, আগামী ১০/১২ জুলাই পর্যন্ত যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এরপর আবার কমতে শুরু করবে বলে তিনি উল্লেখ করেন।

সানবিডি / এন/ আই