মেয়েদের ছবি দিয়ে আইডি খুলে ব্ল্যাকমেইল, ২ ছাত্র গ্রেপ্তার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-০৯ ২১:০২:৩৯
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মেয়েদের ছবি সংগ্রহ করে নকল আইডি খুলে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী এক মেয়ের মামার করা অভিযোগের পরিপ্রেক্ষিতে বগুড়া সদর থানার পুলিশ বৃহস্পতিবার বিকেলে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের গোয়ালগাড়ী এলাকার খলিলুর রহমানের ছেলে মোহাম্মাদ বাঁধন (১৯) ও নবাববাড়ী রোড এলাকার রঞ্জন পোদ্দারের ছেলে সীমান্ত পোদ্দার (১৯)। বাঁধন শহরের একটি বেসরকারি কলেজে প্যারামেডিকেলে ও সীমান্ত একটি বেসরকারি কলজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে।
পুলিশ জানায়, উপশহর এলাকার এক মেয়ে ব্ল্যাকমেইলের স্বীকার হলে তার মামা এ বিষয়ে সদর থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে পাওয়ায় দুই ছাত্রকে আটক করে। পরে এ ঘটনায় রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ভুক্তিভোগীর মেয়ের পরিবার। পরে তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতরা ফেসবুকে ভুয়া আইডি খুলে ফেসবুক থেকে বিভিন্ন মেয়ের ছবি সংগ্রহ করে তাদের ব্ল্যাকমেইল করে আসছিল। এক পর্যায়ে উপশহর এলাকার একটি মেয়ের কাছে থেকে মোটা অংকের টাকা দাবি করে। অন্যথায় আইডি থেকে মেয়েটির আত্মীয়স্বজনসহ বিভিন্ন লোকজনদের সাথে মেসেঞ্জার ব্যবহার করে কুরুচিপূর্ণ ছবি ভাইরাল করে দেওয়ার ভয়ভীতি দেখাতে থাকে। পরে মেয়েটি তার মামাকে নিয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্ত করে নিশ্চিত হয় বাঁধন ও সীমান্ত নামে দুই বন্ধু মিলে এ কাজ করেছে।
সোহেল রানা আরও জানান, গ্রেপ্তারের পর আরও ৬ জন মেয়েকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) ফয়সাল মাহমুদ জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













