রামেকে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৭-১১ ১১:১৭:১৫


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন করোনায় মারা গেছেন। আর দুজন মারা গেছেন করোনা নেগেটিভ হয়ে।

করোনা পজিটিভ হয়ে মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার একজন। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ রোববার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৪ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছে ১৯০ জন। গত জুন মাসে মারা গেছে ৩৪৬ জন।

আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৪ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৬১ জন। এখনো হাসপাতালে ভর্তি আছেন ৫১৮ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২১৪ জন, সন্দেহভাজন ২৩৫ জন ও নেগেটিভ ৬৯ জন। মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই আছেন ৩০৬ জন। দ্বিতীয় অবস্থানে আছে নাটোর। এই জেলার রোগী আছেন ৬৫ জন। পাবনার আছেন ৪৬ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের। শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ। আগের দিনের হার ছিল ৩৩ দশমিক ৭৭ শতাংশ।
সানবিডি/আরএইচ