দুই দফায় ৮ হাজার ৪১৭ পলিসিধারীর ৩৭ কোটি ৫৪ লাখ টাকা দাবি পরিশোধ
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৯-১৪ ১৬:১০:৪৩
দীর্ঘদিন ধরে আটকে থাকা বৈধ বীমা দাবি পরিশোধের মাধ্যমে পলিসিধারীদের আস্থা পুনর্গঠনে নতুন উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে দ্বিতীয় দফায় পাঁচটি জীবন বীমা কোম্পানির ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে পলিসিধারীদের প্রতিনিধিদের হাতে দাবির চেক তুলে দেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
আইডিআরএ সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ হাজার ৬০০ জন পলিসিধারীর ১২ কোটি টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ১৪৫ জনের ৪ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৫১৪ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫৮০ জনের ৫ কোটি টাকা, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০০ জনের ৫৫ লাখ ৩০ হাজার টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৪৩ জন পলিসিধারীর ৫০ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকা পরিশোধ করা হয়েছে। সব মিলিয়ে দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারী ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা পেয়েছেন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হয়।
প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীর মোট ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।
আইডিআরএ জানিয়েছে, দীর্ঘদিনের বৈধ ও অপরিশোধিত বীমা দাবি নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট জীবন বীমা কোম্পানির সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে এসব দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বীমা খাতে গ্রাহকের আস্থা পুনর্গঠনে সময়মতো দাবি পরিশোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন আটকে থাকা বৈধ দাবি নিষ্পত্তির এ ধরনের উদ্যোগ পলিসিধারীদের মধ্যে আস্থা ফেরানোর পাশাপাশি বীমা খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














