দেশের বীমা খাতকে আরও শক্তিশালী, স্বচ্ছ, স্থিতিশীল ও জনবান্ধব করা হবে: আইডিআরএ
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৮-২৪ ১৯:৫৮:২৭
দেশের বীমা খাতকে আরও শক্তিশালী, স্বচ্ছ, স্থিতিশীল ও জনবান্ধব করে গড়ে তোলা হবে বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এ লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রয়োজনীয় কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজ বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ এমপির নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আশ্বাস দেওয়া হয়। কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের বীমা খাতের পুনঃবীমা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং এসব সমস্যা উত্তরণে সম্ভাব্য করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় দেশের বীমা খাতের টেকসই উন্নয়ন, আর্থিক স্থিতিশীলতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে আরও কার্যকর সমন্বয়, সহযোগিতা ও নিয়মিত সংলাপের ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি পুনঃবীমা ব্যবস্থায় বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং খাতটির সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষ থেকে দেশের বীমা খাতকে আরও শক্তিশালী, স্বচ্ছ, স্থিতিশীল ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বীমা খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়ন্ত্রক সংস্থা এবং খাতসংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় ও নিয়মিত সংলাপ অব্যাহত থাকলে দেশের বীমা খাত আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














