সাতক্ষীরায় সাড়ে ৪ কোটি টাকার মাদক ধ্বংস

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-১১ ২১:১৮:৫০


গত ৯ মাসে সাতক্ষীরা সীমান্তে সাড়ে চার কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে মালিকবিহীন অবস্থায় এসব জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রায়েছে ফেনসিডিল, মদ, গাঁজা, ইয়াবা ও বিভিন্ন প্রকার নেশাজাতীয় দ্রব্য। রোববার (১১ জুলাই) দুপুরে জব্দ করা উক্ত মাদকদ্রব্য প্রকাশ্যে ধ্বংস করা হয়।

সাতক্ষীরা শহরের অদূরে তালতলাস্থ ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবি খুলনা বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার।

তিনি বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমণ ঠেকাতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি জারি করা হয়েছে।

গত বছরের ১৮ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত গত প্রায় ৯ মাসে ভারত থেকে চোরাপথে আসা ১৪ হাজার ১৫৪ বোতল ফেনসিডিল, এক হাজার ১১৮ বোতল বিভিন্ন প্রকার মদ, ২৪৮ কেজি গাঁজা, ৬৪ হাজার ১৫৪ পিস ইয়াবা ও ২৯ হাজার ১২৫ পিস বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য চার কোটি ২৩ লাখ ৭৯ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর মেজর রেজা আহমেদ, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) ইকবাল হোসেন, সদর থানার ওসি দেলোয়ার হুসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা সার্কেল ফরিদ উদ্দীন সরকার প্রমুখ।

সানবিডি/এএ