সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-১২ ২০:০৩:৩৮
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে হিঙ্গলগঞ্জে বিএসএফের গুলিতে আবদুর রাজ্জাক (১৯) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। সোমবার (১২জুলাই) ভোরে বিএসএফের হিঙ্গলগঞ্জ ক্যাম্প সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান আলি গাজীর ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা খবরের সত্যতা নিশ্চত করেছেন।
তিনি বলেন, আমরা খবরটি শুনেছি এবং নিহত তরুণের নাম পরিচয়ও জানতে পেরেছি । ওই তরুণের মরদেহ বিএসএফের কাছ থেকে ফিরিয়ে আনতে বিজিবির কাছে আবেদন জানিয়েছে নিহতের পরিবার।
স্থানীয়রা জানান, রাজ্জাক একজন গরু রাখাল। সোমবার ভোরে বিএসএফের হিঙ্গলগঞ্জ ক্যাম্প সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থল ভারতের ঘোষপাড়া সীমান্তে তিনি নিহত হন। বিএসএফ পরে মরদেহ তাদের হেফাজতে নিয়ে যায়।
ফেসবুকের মাধ্যমে আব্দুর রাজ্জাকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে বলে জানান ভাড়াশিমলা ইউপি সদস্য আব্দুল খালেক।
এদিকে মরদেহ ফিরে পেতে আব্দুর রাজ্জাকের পরিবারের লোকজন বিজিবির বসন্তপুর ক্যাম্পে যোগাযোগ করেছে। বিজিবির সহায়তায় মরদেহ ফেরত আনার চেষ্টা করছে পরিবার।
ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ জানান, আব্দুর রাজ্জাকের মরদেহ ফিরে পাওয়ার জন্য তারা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেকের নেতৃত্বে বিজিবির মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।
এ প্রসঙ্গে বিজিবির বসন্তপুর ক্যাম্পের কর্মকর্তারা জানিয়েছে, রাজ্জাকের পরিবারের কাছ থেকে আবেদন পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনার আলোকে পতাকা বৈঠকের ব্যবস্থা করা হবে।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













