ডুবে থাকা জাহাজে ধাক্কা লেগে তলিয়ে গেল পণ্যবাহী জাহাজ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-১৩ ১৭:৩৫:০২


বঙ্গোপসাগরে ডুবে থাকা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এমভি হ্যাং গ্যাং নামে একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাচ্ছে। তবে জাহাজে থাকা ১৩ জন নাবিক নিরাপদে আরেকটি জাহাজে উঠতে পেরেছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো. সেলিম।

তিনি বলেন, লাইটার জাহাজ এমভি হ্যাং গ্যাং চট্টগ্রাম বন্দর থেকে গ্যাসের পাইপ নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। ভাসানচর থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে জাহাজটি একটি ডুবে যাওয়া জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে জাহাজটি ডুবে যাচ্ছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জাহাজটি পুরোপুরি ডুবেনি। জাহাজটি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গত শনিবার (১০ এপ্রিল) এমভি ফুলতলা নামে একটি জাহাজ ডুবে যায়। এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ওই স্থানে লাল বয়া স্থাপন করে। এমভি হ্যাং গ্যাং নামের জাহাজ স্টিয়ারিং ফেল করায় নিয়ন্ত্রণ রাখতে না পারায় ডুবে যাওয়া জাহাজ ফুলতলার সঙ্গে ধাক্কা খায়।

সানবিডি/এন/আই