হজের আনুষ্ঠানিকতা শুরু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১৭ ১৩:২৬:২৭
সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে শনিবার (১৭ জুলাই) থেকে মক্কায় শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। গতবারের মতো এ বছরও পবিত্র হজ পালিত হবে করোনাভাইরাস মহামারির মধ্যে। তাই বাইরের কেই সুযোগ না পেলেও সৌদি আরবে থাকা ১৫০টি দেশের ৬০ হাজার মানুষ এবারের হজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন ।
গত বছর মাত্র ১০ হাজার সৌদি নাগরিক এবং বাসিন্দা হজ পালন করার অনুমতি পেয়েছিল।
শনিবার (১৭ জুলাই) সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত মক্কায় উপস্থিত হবেন মুসল্লিরা। তারা ওমরাহ পালন করবেন। পরদিন ৮ জিলহজ মিনার উদ্দেশ্যে রওয়ানা হবেন হাজিরা। এদিন দিবাগত রাতে শুরু হবে হজের মূল কার্যক্রম।
আগামী ১৯ জুলাই আরাফার দিন পালিত হবে পবিত্র হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল কার্যক্রম।
ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ। আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমদের ক্ষেত্রে জীবনে অন্তত একবার হজ করা ফরজ। করোনা মহামারি শুরু হওয়ার আগে প্রতি বছর প্রায় ২৫ লাখ মানুষ হজ করতে ইসলাম ধর্মের পবিত্র দুটি স্থানে যেতেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যারা হজ পালন করবেন তাদের সবাইকে টিকা দেয়া হয়েছে এবং তাদের বয়স ১৮-৬৫ বছর।
গত পাঁচ বছরে যারা হজ পালন করেননি এ বছর সেসব ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। এছাড়া হজ করেননি ৫০ বছর বয়সী বা তার চেয়ে বেশি বয়সী ব্যক্তিদেরও অগ্রাধিকার দেয়া হচ্ছে এ বছর। এমনকি এবারই প্রথমবারের মতো পুরুষ অভিভাবক ছাড়া হজের নিবন্ধন করার সুযোগ পেয়েছেন সৌদি নারীরা।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













