ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সাংবাদিক আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-১৮ ১৪:১৮:২৪
বগুড়া সদর পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সাংবাদিক মো. আক্তারুজ্জামানকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩ টায় তাঁর নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছে আক্তারুজ্জামানের বাবা রফিকুল ইসলাম । আক্তারুজ্জামান দৈনিক বাণিজ্য প্রতিদিনের বগুড়া জেলা প্রতিনিধি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন মিশুর বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আক্তারুজ্জামানের বাবা মো. রফিকুল ইসলাম বগুড়া ডায়াগনস্টিক সেন্টারে নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি জানান, ‘রাত ৩ টায় ১২ জন ডিবি পুলিশ আর ডা. সামির হোসেন মিশু আমার বাড়িতে আসে। এসে আমার ছেলেকে আটক করে নিয়ে যায়। কেন আটক করা হয়েছে জানতে চাইলে তারা কোন অভিযোগ এর কথা তখন বলেননি। আমি অনেক অনুরোধ করলেও তারা আমার ছেলেকে ছাড়েনি। আমি আমার ছেলের নিঃশর্ত মুক্তি চাই।
এ বিষয়ে কথা বলতে ডা. মিশুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। তবে বগুড়ার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শাহনাজ পারভীন এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













