ক্যাটল স্পেশাল ট্রেনে ৮০০ গরু এলো ঢাকায়

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১৮ ১৪:৫৪:৫৭


আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহণের সুবিধায় চালু করা ‘ক্যাটল স্পেশাল ট্রেনে’ করে ঢাকায় আনা হয়েছে ৮০০ গরু।

আজ রোববার বিভিন্ন রুটে পরিচালিত ‘ক্যাটল স্পেশাল ট্রেনে’ করে গরুগুলো আনা হয়।

কোরবানির পশু পরিবহনের সুবিধার্তে বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু পরিবহনের জন্য এই ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস চালু করেছে।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে ৯টি ওয়াগনে  ৯৭টি গরু রোববার সকাল ৮টার দিকে কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। এতে ভাড়া বাবদ ৬৮ হাজার ৩৮০ টাকা আয় হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি গরু নিয়ে আরও একটি স্পেশাল ট্রেন রোববার ঢাকায় আসার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০টি গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরু নিয়ে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন রোববার সকাল সাড়ে ১১টার মধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এই দুই ট্রেনে ২০টি  ছাগলও আনা হয়। এই দুটি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ ৩ লাখ ৬৭ হাজার টাকা আয় হয়েছে।

সানবিডি/এনজে