গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-৩০ ২০:১৩:২৬


গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পলাশবাড়ী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলায় ফুটবল খেলতে মাঠে যাবার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ বন্ধুর মৃত্যু হয়েছে।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (এএসপি) উদয় কুমার সাহা জানায়, আজ শুক্রবার (৩০ জুলাই) বিকাল ৫টার দিকে পলাশবাড়ী সদর উপজেলার উত্তর বাসস্ট্যান্ড এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকালে যাত্রীবাহী একটি অটোরিকশা পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ওই বাসস্ট্যান্ড সংলগ্ন প্রশিকা অফিসের সামনে রংপুরগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৪ যাত্রী নিহত হন।

অপর দুর্ঘটনাটি ঘটে জেলার গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের সারাই গ্রামে। শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে ফুটবল খেলতে মাঠে যাবার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার পন্ডিতপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে ফুল মিয়া (২৫) ও খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুস সালাম (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বন্ধু উপজেলার ইসলামপুর কলেজ মাঠে ফুটবল খেলতে যাবার জন্য মোটরসাইকেলে রওনা দেন। পথে সারাই গ্রামে সড়কের মোড় ঘুরতে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আর মোটরসাইকেল গিয়ে পড়ে পাশের ধানের জমিতে।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বলেন, ‘লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কেন্দ্রে একটি ইউডি মামলা দায়ের হয়েছে।’

সানবিডি/আরএইচ