রাঙ্গামাটিতে অস্ত্রসহ ৪ ইউপিডিএফ সদস্য আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-৩১ ১৫:২০:৩৭
রাঙ্গামাটিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর চার সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকালে রাঙামাটি সদর সেনা জোনে আসামিদের নিয়ে এসে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- সুরেন চাকমা (৪৬), অন্নাসং চাকমা (৪৫), অনিল চাকমা (১৯) ও সাইমন চাকমা (৪০)।
বিবৃতিতে জানানো হয়, বরকল উপজেলার ছোট কাট্টলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একে ২২ রাইফেলস, ৭৭ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি ওয়াকিটকি সেট, ৪টি মোবাইল ফোনসেট, ১ ভুয়া আইডি কার্ড, নগদ ৬৩ হাজার ৫৯২ টাকা এবং চাঁদা সংগ্রহের রশিদ উদ্ধার করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে রাঙামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল। তারা প্রসীত গ্রুপ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিপিএফ এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য।
বিবৃতিতে আরও জানানো হয়, শনিবার (৩১ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পার্বত্য অঞ্চলের সশস্ত্র চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য বরকল উপজেলার দুর্গম ছোট কাট্টলী এলাকার গভীর জঙ্গলে অভিযান চালায় রাঙামাটি রিজিয়নের সদর জোনের সেনা সদস্যরা। এ সময় অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বরকল থানায় হস্তান্তর করা হবে।
এই অভিযান পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী সান্ত্রাসী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













