কেশবপুরে বৃষ্টিতে ভেসে গেছে ৮০০ মাছের ঘের
উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-৩১ ২০:১৭:৫৪
কেশবপুরে টানা তিন দিনের মুষলধারে বৃষ্টিতে ৮০০ মাছের ঘের ভেসে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন চাষিরা। এ ছাড়া ১৯৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
কৃষকরা সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। পানি ঢুকে পড়েছে উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের নিচু এলাকার মানুষের বাড়িতে। ভায়না বিল সংলগ্ন স্লুইসগেট দিয়ে পানি নিস্কাশনে বাধাগ্রস্ত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা জানান, বুধ, বৃহস্পতি ও শুক্রবার মূষলধারে বৃষ্টি হওয়ায় পানি নিস্কাশনে বাধাগ্রস্ত হয়ে উপজেলার ভায়না বিলসহ তৎসংলগ্ন এলাকার প্রায় ৮০০ মাছের ঘের ভেসে গেছে। এতে মাছ ভেসে ও অবকাঠামো নষ্ট হয়ে চাষিদের ক্ষতি হয়েছে প্রায় ৬০ লাখ টাকা।
উপজেলার ভায়না বিলের মাছ চাষি আগরহাটি গ্রামের লেয়াকত আলী জানান, তার ৫ বিঘা জমির মাছের ঘের ভেসে গেছে। এতে তার তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের সোহেল পারভেজ বলেন, গ্রামের বিশ্বাস পাড়া ও জোয়ার্দার পাড়ার প্রায় ৩০ থেকে ৩৫টি বাড়ির উঠানে পানি উঠেছে। একই গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, তার শিম, বরবটি, শসা, ঢ্যাঁড়স, লাউসহ অন্যান্য সবজি নষ্ট হয়ে গেছে। তাছাড়া তার বাড়ির উঠানে পানি ঢুকে পড়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন বলেন, বৃষ্টিতে ৮০ হেক্টর আমন, ৪০ হেক্টর আউশ, ৪৫ হেক্টর পান ও ৩০ হেক্টর সবজি আক্রান্ত হয়েছে।
গৌরিঘোনা ইউপি চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন, ভায়না বিলের পার্শ্ববর্তী স্লুইসগেট পর্যন্ত পলি ভরাট হওয়ায় সুষ্ঠুভাবে পানি নিস্কাশিত হতে না পেরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি দ্রুত স্লুইসগেটের সম্মুখ ও পেছন থেকে পলি অপসারণের দাবি করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুন্সি আছাদুল্লাহ বলেন, ভায়না স্লুইসগেটের সামনের পলি অপসারণের জন্য প্রাক্কলন তৈরি করে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই কাজ শুরু করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা বলেন, অতিবৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবন ঠেকাতে শনিবার সকালে উপজেলার বেলকাটি এলাকার স্লুইসগেটের মুখে অবৈধভাবে দেওয়া বাঁশের বেড়া (পাটা) ও লোহার কপাট অপসারণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলীকে দ্রুত ভায়না স্লুইসগেটের পলি অপসারণ করে বিলের পানি নিস্কাশনের জন্য বলা হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













