ভোলা থেকে ছেড়েছে ৫ লঞ্চ, কমেছে যাত্রীর চাপ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-০২ ১৯:৩৪:১১
রপ্তানিমুখী শিল্প-কারখানার যাত্রীদের নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশে ভোলার বিভিন্ন ঘাট থেকে ছেড়ে গেছে ৫টি লঞ্চ। তবে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে যাত্রীদের চাপ ছিল খুবই কম। সোমবার (২ আগষ্ট) সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভোলার বিভিন্ন ঘাট থেকে এ লঞ্চগুলো ছেড়ে যায়।
ভোলার খেয়াঘাট থেকে ছেড়ে যাওয়া এমভি বালিয়া লঞ্চের সুপারভাইজার মো. আমিনুল ইসলাম বলেন, ভোলার খেয়াঘাট থেকে সকাল ৯টার দিকে প্রায় ২৫০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে লঞ্চ ছেড়েছি। আশা করি বিকাল সাড়ে ৩টার মধ্যে ঢাকায় গিয়ে পৌঁছব। মাত্র ১২টি কেবিন ও একটি ভিআইপি কেবিন বুকিং হয়েছে। আর বাকি সব কেবিন ফাঁকা রয়েছে।
তিনি আরও জানান, রোববারের চেয়ে সোমবার যাত্রীর সংখ্যা খুবই কম। লঞ্চের যাত্রীরা সবাই যাতে মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে চলে সে জন্য স্টাফরা কাজ করে যাচ্ছে।
ভোলা বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, ভোলার খেয়াঘাট থেকে এমভি বালিয়া, ইলিশা ঘাট থেকে গ্রিন লাইন, তাসরিফ-৩ ও চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে তাসরিফ-৪ ও কর্ণফুলী-১২ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
তিনি আরও জানান, রোববারের থেকে আজ গ্রিন লাইন ব্যতীত অন্য লঞ্চগুলোতে যাত্রীদের সংখ্যা অনেক কম ছিল। লঞ্চে যাত্রীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য প্রতিটি লঞ্চের মালিক, সুপারভাইজার ও স্টাফদের নির্দেশ দিয়া হয়েছে।
সানবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













