২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-০৮ ১৮:৩৮:০২


দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৫২ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে।

রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪০ হাজার ১৩০ জনের। পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ লাখ ১৭ হাজার ৪১০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০৫ জন। এছাড়া চট্টগ্রামে ৫৯, রাজশাহীতে ১২, খুলনায় ৩০, বরিশালে ১২, সিলেটে ৭, রংপুরে ১০ ও ময়মনসিংহে ৬ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২৮ জন পুরুষ ও ১১৩ জন নারী। এদের মধ্যে ৯ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ হাজার ১০২ জন এবং নারী ৭ হাজার ৫৫০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩, ৮১ থেকে ৯০ বছরের ৯, ৭১ থেকে ৮০ বছরের ৪৯, ৬১ থেকে ৭০ বছরের ৭০, ৫১ থেকে ৬০ বছরের ৫৪, ৪১ থেকে ৫০ বছরের ২৮, ৩১ থেকে ৪০ বছরের ১৭, ২১ থেকে ৩০ বছরের ৯, ১১ থেকে ২০ বছরের এক এবং ১০ বছরের নিচে একজন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এএ