পদ্মায় গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-০৮ ১৮:৪০:০১
রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহী হাইটেক পার্ক সংলগ্ন আইবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল গিয়ে পদ্মা নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। তলিয়ে যাওয়া কলেজছাত্রের নাম মো. জনি (২৫)। তার বাবার নাম ইয়াসিন আলী। জনি রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার আবদুর রউফ জানান, জনি তার এক বন্ধুর সঙ্গে পদ্মাপাড়ে ঘুরতে এসেছিলেন। তারপর আইবাঁধে মোটরসাইকেল রেখে তারা নদীতে গোসলে নামেন। স্রোতের মুখে পড়ে একজন তীরে এলেও জনি তলিয়ে যান।
তিনি জানান, খবর পেয়েই তারা গিয়ে পদ্মায় অভিযান শুরু করেছেন। ডুবুরিরা কাজ করছেন। কিন্তু বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ওই ছাত্রকে খুঁজে পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলছে।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













