টিকা না নেয়ায় পৌর কর্মচারীদের বেতন বন্ধ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-০৯ ১৬:৩৮:৩১


দিনাজপুরের হাকিমপুরে করোনাভাইরাসের টিকা না নেয়ায় পৌরসভার কর্মচারীদের বেতন আটকে দিয়েছেন পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

পৌরসভার ৩১ জন কর্মচারীর বেতন টিকা নেয়ার পর দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

৭ আগস্ট থেকে দেশে করোনাভাইরাসের গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় পঁচিশোর্দ্ধ সবাইকে দেয়া হচ্ছে টিকা।

গণটিকা কর্মসূচি শুরু হওয়ার আগের দিন মেয়র ঘোষণা দেন, টিকা নিয়ে কার্ড না দেখালে কোনো কর্মচারীকে বেতন দেয়া হবে না।

মেয়র জানান, ৩১ জনের মধ্যে ১০ থেকে ১৫ জন টিকা নিয়েছেন। তারা টিকার কার্ড দেখিয়ে আবেদন করছেন। তাদের বেতন ছেড়ে দেয়া হবে। বাকিরাও টিকার কার্ড দেখালেই বেতন পাবেন।

তিনি আরও জানান, গণটিকা কার্যক্রম শেষ হলে টিকা কার্ড ছাড়া পৌরসভা থেকে কোনো সেবা দেয়া হবে না।

মেয়র চলন্ত বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা হাকিমপুর পৌরসভায় নো মাস্ক, নো সার্ভিস কার্যক্রম চালু করেছিলাম। এবার চালু করব নো সার্টিফিকেট, নো সার্ভিস। সে কারণে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানানো হচ্ছে।’

এএ