বিশ্ব যুব দিবস: যুব সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৮-১৪ ১৮:৫১:২০


সামাজিক উন্নয়নের পিছনে মূল শক্তিই হচ্ছে যুব সমাজ। আধুনিক চিন্তা ধারা, নিরলস পরিশ্রম আর মাঠ পর্যায়ে কার্যক্রমে উৎসাহ নিয়ে যুব সমাজ সবসময় কাজ করে আসছে।এসব সামাজিক কার্যক্রমগুলোকে স্থানীয় এবং বিশ্ব পর্যায়ে উপস্থাপনের সুযোগ তৈরীর লক্ষ্যে জাতিসংঘ ২০০০ সাল থেকে প্রতিবছর ১২ই আগস্ট বিশ্ব যুব দিবস পালনের ঘোষণা দেয়। সেই থেকে প্রতিবছর উয্যাপিত হচ্ছে দিবসটি।

বিডি ইভেন্ট এক্সপ্রেস ও নিউজ ৩৬০ বিডি যৌথ উদ্যোগে এবং জাতিসংঘ সমিতি যুক্তরাজ্যের লুটন শাখার সমন্বয়ে এই দিবস কে নিয়ে আয়োজন করা হয়েছে ওয়েবিনার। ওয়েবিনারটির চেয়ার অর্গানাইজিং কমিটি এবং সঞ্চালনায় এম সাফাক হোসেন, কো۔কমিটিতে সাংবাদিক সুমাইয়া জামান ছিলেন।

ওয়েবিনারের বিশেষ অতিথি ড. নাজিয়া খানম, ওবিই, ডিএল। যুক্তরাজ্যের রানী এলিজাবেথ দ্বিতীয় তাকে ওবিই (অর্ডার অব দা অফিসার অব বৃটিশ এম্পায়ার) পদক প্রদান করেন, তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে এই পদক পেয়েছেন। তাছাড়া বিগত ৫০০ বছরের বৃটিশ ইতিহাসে প্রথম দক্ষিণ এশিয়ান হিসেবে ড. নাজিয়া খানম বৃটিশ রাজবংশের প্রতিনিধি নিযুক্ত হয়েছেন।

ওয়েবিনারের আলোচনায় ড. নাজিয়া ইয়োথ এনগেজমেন্ট নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। যুব সমাজের উন্নয়নের কার্যক্রমগুলোকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন | আলোচনায় তিনি বলেন, “তরুণ বা যুব সমাজ একটি দেশ ও জাতির পাওয়ার হাউস | এই পাওয়ার হাউস কে ঠিক মতো উন্নয়নের কাজে সরকারি এবং বেসরকারি ভাবে কাজে লাগাতে হবে | স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য সচেতনতা বাড়ানো খুব জরুরি বিশেষ করে এই মহামারী কালে | সম্প্রতি সকল দেশে এসময় তরুণরাই সবার আগে সামনে এগিয়ে এসেছে |”

জাতিসংঘের নেয়া উদ্যোগ “ইয়ুথ রাইটস এন্ড ইকুয়ালিটি” বিষয়ে সামাজিক উন্নয়ন ও কার্যক্রমে তরুণ সমাজ যাতে সরকারি ও বেসরকারি খাতে সামঞ্জস্য রেখে জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়নে আরো কাজ করার সুযোগ পায় সে বিষয়ে তিনি আলোকপাত করেন |

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ড۔এম সাখাওয়াত হোসেন (অবঃ)। তিনি তার বক্তব্যে প্রথমেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে তৎকালীন সময়ের তরুণ সমাজের অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, “আজকের শিশু কালকের তরুণ, কালকের তরুণ আগামীর লিডার”

তাছাড়া তিনি তরুণ ও যুব সমাজের প্রতি বিশেষ করে তিনটি বিষয়ের ওপর সামাজিক সচেতনতায় জোড় দেন। যার মধ্যে সঠিক শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে মাদক থেকে দূরত্ব এবং পুষ্টিকর খাদ্যাভাসকে প্রাধান্য দেয়া, যাতে আজকের۔তরুণরা আগামীতে ভালো লিডার হয়ে দেশের জন্য আরো উন্নয়ন করতে পারে |

ওয়েবিনারের কো-অর্গানাইজার সুমাইয়া জামান তার বক্তব্যে বেকার যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার বিষয়টি তুলে ধরেন। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর স্কিল টোয়েন্টিওয়ান প্রজেক্টের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে তাদের জীবনমান পরিবর্তন করার কার্যক্রমের অভিজ্ঞতা বর্ণনা করেন। পাশাপাশি তিনি নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন |

ওয়েবিনারে বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ‘জেনল্যাব’ এর এক্সেকিউটিভ ডিরেক্টর রাতুল দেব। তিনি তার বক্তব্যে যুব সমাজের কার্যক্রমের অগ্রগতির জন্য সরকারি সহযোগিতা ও অর্থনৈতিক সহায়তা কতটা গুরুত্বপূর্ণ তা ব্যক্ত করেছেন এবং যুবসমাজের কার্যক্রমে সহযোগিতা প্রদানের আবেদন জানিয়েছেন |

জেসিএই ঢাকা নর্থ এর পক্ষ থেকে প্রেসিডেন্ট ফাতিমা আক্তার নাজ তাদের তরুণ সংগঠনের কার্যক্রম তুলে ধরেন |

জাতিসংঘ ইয়ুথ এন্ড স্টুডেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে প্রেসিডেন্ট শ্যামি ওয়াদুদ তাদের সংগঠন কিভাবে তরুণ সমাজ কে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে সামাজিক কার্যকলাপের পদ্ধতি এবং সমাজের উন্নয়নের জন্য করণীয় বিষয় কিভাবে বাস্তবায়ন করতে হয় এসকল প্রশিক্ষণ দেয়ার অভিজ্ঞতা এবং এনালাইসিস তার বক্তব্যে তুলে ধরেন |

উক্ত অনুষ্ঠানটির সাপোর্টিং পার্টনার ছিল জাতিসংঘ সমিতি যুক্তরাজ্যের লুটন শাখা | তাছাড়া ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার ছিল জাতিসংঘ ইয়ুথ এন্ড স্টুডেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ, জেসিআই ঢাকা নর্থ, জেনল্যাব, বিপিডব্লিউএস এবং মিডিয়া পার্টনার বাণিজ্য প্রতিদিন |

আরএইচ