সামুদ্রিক রুপালি ইলিশে সয়লাব বরিশালের মোকাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৪ ২১:০৪:০৮
বরিশাল নগরীর পোর্ট রোড সামুদ্রিক রুপালি ইলিশের সবচেয়ে বড় মোকাম। ইলিশের চলতি মৌসুমে স্থানীয় ও অভ্যন্তরীণ নদ-নদীর কোনো ইলিশ এখনও না এলেও প্রায় ৪ মাস পর সামুদ্রিক ইলিশে ভরপুর উঠেছে এ মোকাম। সামুদ্রিক ইলিশের দাম নাগালের মধ্যে হওয়ায় সন্তুষ্ট ক্রেতারাও।
আজ শনিবার (১৪ আগস্ট) ইলিশের মোকামে দেখা যায়, শ্রমিকদের ব্যস্ততা, ক্রেতাদের ভিড়, মহাজনদের হাসিমুখ। ঘাটে নোঙর করা ট্রলারগুলোর খোল ভরে আছে রুপালি ইলিশে। ট্রলারগুলোতে ছিল ১-২ কেজি সাইজের ইলিশ।
মৎস্য অধিদপ্তর বলছে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কর্মসূচি সফল হওয়ায় ইলিশের উৎপাদন বেড়েছে। এ কারণেই কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে জেলেরা।
সাধারণত আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাস এই ৩ মাস ইলিশের প্রধান মৌসুম। গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে সমুদ্রে যাওয়া ট্রলারগুলো বৈরি আবহাওয়ার কারণে মাঝপথ থেকেই ফিরে এসেছিল। আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর গভীর সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া ট্রলারগুলো ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়েছে। ট্রলারগুলো মোকামে ফিরে আসায় চলতি মৌসুমে প্রথমবারের মতো কর্মচাঞ্চল্য ফিরেছে।
এছাড়া পটুয়াখালীর মহিপুর মোকাম থেকেও ট্রাকে ট্রাকে ইলিশ এসেছে বরিশালে। আগামী দিনে সমুদ্রে আরও ইলিশ আহরিত হবে বলে আশা করেন মৎস্য বিভাগের কর্মকর্তারা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














