চকরিয়ায় প্রতিপক্ষের গুলিতে আ’লীগ নেতা নিহত, গুলিবিদ্ধ ১২

উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-১৭ ২০:৪২:২৮


কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন নোবেল (৪২) নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের মুবিনপাড়া এলাকায় জমির বিরোধ নিয়ে এ ঘটনা ঘটে।

নিহত নোবেল পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সিকদারপাড়ার আবদুল খালেক সিকদারের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও আসন্ন ইউপি নির্বাচনে পূর্ববড় ভেওলার চেয়ারম্যান প্রার্থী হতে গত দুই বছর ধরে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হেলাল উদ্দিন ও নাসির উদ্দিন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

গুলিবিদ্ধরা হলেন- পূর্ববড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা মো. ফেরদৌসের ছেলে আজিজুল হক (৫০), আবু তাহেরের ছেলে মিজানুর রহমান (৩১), ওমর মিয়ার ছেলে সরওয়ার হোসেন (৪২), আকবর আহমদের ছেলে আবুল কালাম ইয়াসিন (২১), সিরাজ মিয়ার ছেলে নুরুল আমিন (৩৫), আবুল হোসেনের ছেলে মো. শফি (৩৮), গোলাম উল ইসলামের ছেলে নুরুল কাদের (৪৬), আজাহার আহমদের ছেলে জাফর আলম (৫০) ও মন্নু আলমের ছেলে জাহেদুল ইসলাম (২৪)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাছির উদ্দিন নোবেলের মা ও তার আত্মীয়রা দাবি করেছেন, শুধু জমির বিরোধ নয়, পূর্ববড় ভেওলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জের ধরে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। এলাকায় নোবেলের জনপ্রিয়তা রয়েছে। জনপ্রিয়তাই কাল হলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে নাছির উদ্দিনের জমিতে চাষ করতে গেলে এনামুল হক নামের এক ব্যক্তি আকতার আহমদকে মারধর করে জমি থেকে উঠিয়ে দেন। পরে খবর পেয়ে নাছির উদ্দিন দলবল নিয়ে ঘটনাস্থলে যান। কোনো কিছু বুঝে উঠার আগেই এনামুল হক, রুবেল ও আলাউদ্দিনের নেতৃত্বে একদল বন্দুকধারী অতর্কিত গুলি ছোড়ে।

এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান নাছির উদ্দিন নোবেল। আহত হন আরও ১২ জন। স্থানীয় লোকজন নোবেলসহ আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পূর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল জানান, সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এখনো জানা যায়নি।

মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল জানান, নাছির উদ্দিন নোবেল অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। এলাকার মানুষের মানবিক নেতা পরিচিত। যারা হত্যাকাণ্ড করেছে তারা চিহ্নিত। তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনা শুনেই পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে মামলা নেয়া হবে। এর আগেই জড়িতদের ধরতে পুলিশের কয়েকটি টিমকে অভিযানে পাঠানো হয়েছে। অভিযান চালিয়ে স্থানীয় নাদের হোসেনের পুত্র হেলাল উদ্দিন (৩৬) ও আলী হোসেনের পুত্র নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

আরএইচ