পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত,পণ্যবাহী ট্রাকের জট
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-২০ ১৫:০৯:১০
পদ্মা নদীতে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে নৌপথ পারাপারের সময় বেশি লাগছে। অন্যদিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কয়েক দিন ধরেই সাধারণ পণ্যবাহী ট্রাকের চাপ বাড়ছে।
যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস ও জরুরি পণ্যবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌপথ পারাপার করায় পাটুরিয়া ঘাট এলাকায় আটকে যাচ্ছে সাধারণ পণ্যবাহী ট্রাক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রাকের চালক ও সহযোগীরা।
শুক্রবার (২০ আগস্ট) বেলা ২টার দিকে পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের সারিও দীর্ঘ দেখা যায় ঘাট এলাকায়। এ সময় প্রায় ৫০০-এর বেশি গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান ঢাকা পোস্টকে এসব তথ্য জানান।
পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে ঘাটমুখী সড়কের সাত কিলোমিটার আগেই উথুলী সংযোগ মোড় এসব পণ্যবাহী ট্রাক আটকে দেওয়া হচ্ছে বলে জানান শিবালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) আশীশ কুমার স্যানাল।
তিনি বলেন, আরিচামুখী সড়কে শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমে গেলেই এখান থেকে সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ এসব ট্রাক ছেড়ে দেওয়া হবে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে। এতে ফেরির ট্রিপও কমে গেছে। ফেরির কোনো সমস্যা হলে আমরা ভাসমান কারখানায় এনে দ্রুত মেরামতের চেষ্টা করি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের বড় রো রো ফেরিটি মধুমতি ভাসমান কারখানায় মেরামত অবস্থায় রয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন বাস ও ছোট গাড়ি এবং জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করায় ঘাট এলাকায় সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে যাচ্ছে। পাটুরিয়ায় দুটি ট্রাক টার্মিনালে চার শতাধিক ট্রাক নৌপথ পারাপারে অপেক্ষমাণ রয়েছে।
শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ থাকায় এ নৌপথে ট্রাকের চাপ বেড়েছে। এই বাড়তি চাপ সামাল দিতে এ নৌপথে কয়েকটি ফেরিও সংযুক্ত করা হয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ১৮টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।
সানবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













