৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৭ কিশোর
উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-২০ ১৭:৪৩:২৭
টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় সাত কিশোরকে পুরস্কৃত করেছে আনোয়ারা উপজেলার একটি মসজিদ কমিটি। পুরস্কার হিসেবে কিশোরদের প্রত্যেককে বাইসাইকেল দিয়েছেন তারা। এছাড়াও ১৪ শিশু-কিশোরদের একটি করে জায়নামাজ ও ফ্যান প্রদান করা হয়।
এমন ব্যাতিক্রম কর্মসূচি পালন করেছে উপজেলার শিলাইগড়া (ঝ.বা.শি) হযরত আবু বকর সিদ্দিক (রহ.) জামে মসজিদ পরিচালনা কমিটি। শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
আজ শুক্রবার জুমার নামাজের পর ওই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, ১৩ মার্চ থেকে এই প্রতিযোগিতা শুরু হয় যেখানে ওই এলাকার ২১ জন শিশু-কিশোর অংশ নেয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক মুহাম্মদ নুরুল হুদা মনসুরী এফ সি এ। মুহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে ও খোরশেদুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিবাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাহের চৌধুরী, ব্যাংকার মুহাম্মদ সিরাজুল ইসলাম, উদ্বোধক ছিলেন মওলানা মুহাম্মদ মফিজুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, সাবেক সাধারণ সম্পাদক এম. নুরুল ইসলাম।
আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













