শিবগঞ্জে পৃথক বিদুৎপৃষ্টে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-২০ ১৮:৪৬:৪৬


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদুৎপৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুলর্ভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর ফুলদিয়ার ও চককির্ত্তী ইউনিয়নের দুবলিভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান রিগ্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুরের ফুলদিয়ার এলাকার মৃত সাবুদ্দীনের ছেলে শিমুল (২৫), তাঁর চাচি সায়েদ ঘোষের স্ত্রী সামনুর বেগম (৬৫) এবং চককির্ত্তী ইউনিয়নের দুবলিভান্ডার এলাকার আবদুল মজিদের ছেলে আবদুল মালেক (২৬)।

দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নামো জগন্নাথপুরের ফুলদিয়ার পদ্মা নদীর ঘাট থেকে নৌকায় করে চিকিৎসার জন্য দাদনচক আসছিলেন শিমুল ও সামনুর বেগম। এ সময় নদীতে বন্যার পানি বৃদ্ধি হওয়ায় পল্লীবিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক তারে মাথা আটকে সামনুর বেগমের মৃত্যু হয়। এ সময় পানিতে ছিটকে পড়ে বিদুৎপৃষ্টে শিমুলেরও মারা যায়।

দুর্ঘটনার পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, নৌ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুতই পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়।

অপরদিকে, উপজেলার দুবলিভান্ডারে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মালেক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

চককির্ত্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখ্খের আলম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে কাজ করছিলেন আবদুল মালেক। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরএইচ