হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৮-২৪ ১৭:১৭:৩১
দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে দীর্ঘ সাড়ে তিন মাস পর আবারও কম শুল্কে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ভারত থেকে চালবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। হিলির ঋত্তিক এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান চালগুলো আমদানি করেছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক ললিত কেসরা বলেন, সরকার দেশের বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয়। এরপর আমরা খাদ্য মন্ত্রণালয়ে চাল আমদানির জন্য আবেদন করি। গত ১৭ আগস্ট আমরা চাল আমদানির অনুমতি পাওয়ায় ভারত থেকে চাল আমদানির জন্য প্রস্তুতি নিই। তবে সেখানে কিছুটা চালের দাম বাড়ায় চাল আমদানি করতে একটু সমস্যায় পড়তে হয়। তবে আজকে ভারত থেকে আমাদের একটি চালবোঝাই ট্রাক এসেছে। যদি দাম ভালো পাই তাহলে বেশি বেশি আমদানি করব।
হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, আমদানিকারকরা ২৫ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানি শুরু করেছেন। আজ ২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। শুল্কায়ন করা মাত্রই আমরা চালগুলো খালাসের অনুমতি দিয়ে দিচ্ছি।
সানবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













