সিরাজগঞ্জ এক্সপ্রেস চালুর দাবিতে মানববন্ধন
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৮-২৬ ১৬:২৮:৫৮
সিরাজগঞ্জে বন্ধ হওয়া ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের সামনে ‘রেল বাঁচাও আন্দোলন, সিরাজগঞ্জ’ এর আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, বাসদ নেতা নব কুমার কর্মকার, কমিউনিস্ট পার্টির ইসমাইল হোসেন, জাসদ নেতা মাহবুব-এ-খোদা টুটল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মোমিন বাবু ও দৈনিক সিরাজগন্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদকসহ জেলার বিভিন্ন পেশার মানুষ বক্তব্য রাখেন।
মানববন্ধন বক্তারা বলেন, এক সময়ের রেলসিটি সিরাজগঞ্জকে রেলশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বশেষ সিরাজগঞ্জ এক্সপ্রেসটিও বন্ধ করা হয়েছে। এমনকি নিম্ন আয়ের মানুষের যাতায়াতের ভরসাস্থল লোকাল ট্রেনটিও বন্ধ করে দেয়া হয়েছে।
এসি বগিসহ আন্তঃনগর ট্রেনের সব সুবিধা নিশ্চিত করে সিরাজগঞ্জ এক্সপ্রেস চালুর দাবি জানিয়ে বক্তারা বলেন, আগামী ১০ দিনের মধ্যে দাবি মানা না হলে রেলপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
সানবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













