গ্যাসের লাইন বিস্ফোরণে পুঁজিবাজারের এক কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-২৭ ১২:০২:৩৫
রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি বাসায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় পুঁজিবাজারের এক কর্মকর্তাসহ দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, শফিকুল ইসলাম (৩৫), সুমন ( ৪০)। নিহত শফিকুল ইসলাম ৮৫ শতাংশ, সুমন ( ৪০) ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১ শিশুসহ ৪ জন।
তারা দুজনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ওই ঘটনায় শিশুসহ দগ্ধ সাতজনের মধ্যে তিনজনের মৃত্যু হলো।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোঃ সুমন ঢাকার নবাবগঞ্জের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি মিরপুর-১১ নম্বরের স্থায়ী বাসিন্দা মৃত ফুল মিয়ার ছেলে। পেশায় সুমন স্টক এক্সচেঞ্জে শেয়ার ব্যবসা করতেন।
প্রসঙ্গত, গত বুধবার রাত ১১টার দিকে মিরপুর ১১ নম্বরের সি ব্লকের একটি বাড়ির গ্যাস লাইন মেরামত করার পর নিচতলায় রান্নার চুলা জ্বালানো হলে এ বিস্ফোরণ ঘটে। এতে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নারী ও শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছিলেন।
তারা হলেন, বাড়ির মালিক রফিকুল ইসলামের মা রওশন আরা বেগম (৭০), ভাই শফিকুল ইসলাম (৩৫) ছোট বোন রিনা বেগম (৫০) বাসার নিচতলার ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫), তাঁর মেয়ে নওশীন (৫) পাশের বাসার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫) এবং পথচারী সাজ্জাদ হোসেন (৩০)। এর মধ্যে বৃহস্পতিবার রাতে রিনা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে গতকাল দুপুরে ডা. আইয়ুব হোসেন জানিয়েছিলেন, মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সাতজনের মধ্যে আইসিইউতে থাকা চারজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এইচডিইউতে থাকা বাকি তিনজনের অবস্থাও ভালো না।
গত বুধবার (২৫ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের সি ব্লকে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ সাতজনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সানবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













