ট্রলারের ধাক্কায় নৌকাডুবি, চালকসহ ৩ জন আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-২৮ ১০:২৩:১১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রলার ডুবির ঘটনায় চালকসহ আটক ৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার চরইসলামপুর থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আটককৃতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে বালুবোঝাই ট্রলারচালক জামির মিয়া (৩৫), তার সহকারী কাশেম মিয়ার ছেলে মো. খোকন (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে মো. রাসেল (১৮)।
এর আগে বিকেল সোয়া ৫টার দিকে লইসকা বিলে একটি যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বালুবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শতাধিক যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় রাত সাড়ে ১১টা পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৬ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, নৌ-দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বালুবোঝাই ট্রলারের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।
সানবিডি/ এন/ আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













