খালেদার বাড়ির দেয়ালে সমন নোটিশ
প্রকাশ: ২০১৬-০১-২৭ ১০:০৯:২৪
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় আদালতের জারি করা সমনের নোটিশ তার বাড়ির সামনের দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয় ঢাকার সিএমএম আদালতে। এ মামলায় আগামী ৩ মার্চ সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদারের আদালত।
মঙ্গলবার আদালতের পাঠানো এ সমন নোটিশ খালেদা জিয়ার গুলশানের বাসভবনের বাসিন্দাদের কেউ গ্রহণ করেননি। পরে আদালতের কর্মকর্তা নোটিশটি বাড়ির সামনের দরজার পাশে দেয়ালে টাঙিয়ে দেন বলে নিশ্চিত করেছে বিএনপির একটি সূত্র।
সূত্র জানিয়েছে, সোমবার আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করে। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির মো. মাসুদ খান স্বাক্ষরিত ওই সমন দিতে আদালতের জারিকারক (বার্তাবাহক) মো. জাবিদ হোসেন বাচ্চু দুপুর ১২টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় যান। কিন্তু কেউ তা গ্রহণ করেনি। পরে তিনি সমনটি খালেদা জিয়ার বাসভবনের ফটকে সাঁটিয়ে চলে আসেন।
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এক আইনজীবীর করা রাষ্ট্রদ্রোহের মামলা আমলে নিয়ে সোমবার সমন জারি করেন আদালত। আগামী ৩ মার্চ তাকে আদালতে হাজির হতে হবে।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দণ্ডবিধির ১২৩(ক)/১২৪(ক)/৫০৫ ধারায় মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ। তিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদেরও সদস্য। এর আগে তিনি মামলা করার জন্য নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেন।
গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














