পিছিয়ে যাচ্ছেন ফারিয়া
প্রকাশ: ২০১৬-০১-২৮ ১২:০২:৫০

আগামী ১৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনায় নির্মিত ‘হিরো ৪২০’। সৈকত নাসির ও সুজিত মন্ডলের পরিচালনায় এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। ফারিয়ার বিপরীতে এতে দেখা যাবে ‘অগ্নি-২’র ওমকে। আগামী ৩০ জানুয়ারি যৌথ প্রযোজনায় এই জুটির আরেকটি ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘প্রেমী ও প্রেমী’ নামের এই ছবিটির শুটিং হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু নির্ধারিত সময়ে ছবিটির শুটিং শুরু হচ্ছে না। খবর : ঢালিউড
এ সম্পর্কে জাকির হোসেন রাজু বলেন, ‘এখন ব্যস্ত আছি ‘নিয়তি’ নিয়ে। এ মাসের শেষেরদিকে ‘প্রেমী ও প্রেমী’র শুটিং শুরু হওয়ার কথা ছিল ঠিকই। কিন্তু শেষ পর্যন্ত শুরু হচ্ছে না। আর কবে শুরু হবে সেটাও এখন বলতে পারছি না। কারণ ছবিটির এপার বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সাথে দুই সপ্তাহ পরে মিটিং হবে ছবিটি নিয়ে। তখন বলতে পারবো কবে হবে এর শুটিং।’
জাকির হোসেন রাজু এখন ‘নিয়তি’র ডাবিং নিয়ে ব্যস্ত রয়েছেন। দুই-একদিনের মধ্যে এর ডাবিং শেষ হবে। এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শুরু হবে। এদিকে ছবিটির নায়ক-নায়িকা ফারিয়া ও ওম এখন ব্যস্ত রয়েছেন ‘হিরো ৪২০’এর প্রমোশনের কাজে। কারণ বাংলাদেশে মুক্তির এক সপ্তাহ আগে ছবিটি ভারতে মুক্তি পেতে যাচ্ছে।
উল্লেখ্য, ফারিয়া অভিনীত ‘আশিকী’র নাম ছিল ‘প্রেমী ও প্রেমী’। শুটিং শুরু হওয়ার আগেই এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘আশিকী’।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














