ইভ্যালির পরিচালনায় আদালতে সাবেক তিন সচিবের নাম প্রস্তাব

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-১৩ ১৬:৪৪:২৮


আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পরিচালনায় কমিটি গঠনের জন্য বাণিজ্য মন্ত্রণালয় সাবেক তিন সচিবের নাম আদালতে জমা দিয়েছে।আজ বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চে এসব নাম জমা দেয়া হয়। কমিটি গঠনের জন্য প্রস্তাবিত ব্যক্তিদের ব্যাকগ্রাউন্ড পর্যালোচনা করে আদালত আগামী সপ্তাহে আদেশ দেবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন।

বাণিজ্য মন্ত্রণালয়ের নাম প্রস্তাব করা তিন সচিব হলেন- ভূমি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত সচিব মো. রেজাউল আহসান এবং ভূমি সংস্কার বোর্ডের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সচিব ইয়াকুব আলী পাটোয়ারী।

এর আগে মঙ্গলবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য কমিটি করে দেওয়ার কথা বলেন হাইকোর্ট। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন সচিব, চার্টার্ড অ্যাকাউনটেন্ট ও একজন আইনজীবীকে কমিটিতে রাখার ইচ্ছা ব্যক্ত করেন আদালত।

সানবিডি/এনজে