লন্ডন ও প্যারিস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৪ ২০:১৬:৪৩


আগামী মাসের শুরুতে জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। এ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩১ অক্টোবর সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

‍আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রোমানিয়া ও সার্বিয়া সফর শেষে রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ সময় ড. মোমেন জানান, প্রধানমন্ত্রী কপ-২৬ সম্মেলনে যাবেন। ৩১ অক্টোবর ঢাকা থেকে রওনা দেবেন তিনি। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী ১ থেকে ৩ নভেম্বর কপ-২৬ সম্মেলনের উচ্চ পর্যায়ের ইভেন্টে যোগ দেবেন। তিনি ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) প্রেসিডেন্ট হিসেবে সেখানে যোগ দেবেন।

আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৬ অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর এ সফরে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার চেষ্টা করা হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সানবিডি/এনজে