সুনামগঞ্জে হাওরের ময়লা পরিস্কার করলেন ডিসি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৬ ১৫:২৮:৫৩


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওয়ার, নীলাদ্রিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে প্রশাসন।

আজ শনিবার (১৬ অক্টোবর) দুপুরে তাহিরপুরের শহীদ সিরাজ লেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

এ সময় জেলা প্রশাসক ইঞ্জিন চালিত একটি নৌকায় ওঠে নেটের ঝুড়ি দিয়ে হাওর থেকে ময়লা তুলে প্লাস্টিকের বস্তায় রাখেন।

এ বিষয়ে পরে জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জ হাওর বেষ্টিত একটি জেলা। অধিকাংশ মানুষ এ জেলাকে চিনে টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে। এখানে প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটকরা আসেন। তবে সবচেয়ে দুঃখের বিষয় হাওরে প্রতিনিয়ত পর্যটকরা আসলেও কিছু মানুষ হাওরে প্লাস্টিকের বোতল, খাবারের প্লেট, ময়লা-আবর্জনা ফেলে যান। যার ফলে পরিবেশ দূষণ হচ্ছে, নষ্ট হচ্ছে হাওরের জীব-বৈচিত্র্য।

এ অভিযানকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ উপস্থিত ছিলেন।

সানবিডি/এনজে