মস্কো বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতির পথে তালেবান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৯ ২০:৫৯:৫৪
আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবান নেতৃত্বাধীন ইসলামিক আমিরাত সরকার প্রত্যাশা করছে, মস্কোতে বৈঠকের মাধ্যমে তাদের আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পথ খুলবে।
আগামীকাল (২০ অক্টোবর) রাশিয়ার আমন্ত্রণে মস্কোতে যুক্তরাষ্ট্র, চীন, ইরান, ভারত ও পাকিস্তান তালেবানের সঙ্গে বৈঠকে বসবে।
এ বৈঠকের বিষয়ে তালেবানের একজন সিনিয়র প্রতিনিধি বলেন, এই বৈঠক আন্তর্জাতিক স্বীকৃতির ভিত্তি তৈরি করবে। এছাড়া বৈঠকে আন্তর্জাতিক দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন ঘটবে।
মস্কো বৈঠকে তালেবানের পক্ষ থেকে উপস্থিত থাকবেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তনের উপ সরকার প্রধান আব্দুল সালাম হানাফি, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিসহ সরকারের কয়েকজন সিনিয়র মন্ত্রী।
তালেবানের সংস্কৃতি ও তথ্য বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, মস্কো বৈঠকে তাদের আলোচ্যসূচিতে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াদি রয়েছে।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা আশা করছি রাজনৈতিকভাবে এই বৈঠকের ভালো ফলাফল আসবে। এই বৈঠক অন্য দেশ কর্তৃক ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের স্বীকৃতির দ্বার উন্মোচন করবে।
আব্দুল সাত্তার নামে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, আফগানিস্তানের পরিবর্তিত তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে কী না, মস্কো বৈঠকের মাধ্যমে সেটা নিরূপণ করা হবে। তার ভাষায় এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এই বিশ্লেষক বলেন, বৈঠকে তালেবান সরকারের প্রতিনিধি অংশ নিচ্ছে। আফগানিস্তানের মানুষ প্রত্যাশা করছে, এই সম্মেলনে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলোর একটি রফদফা হবে।
জাউয়িদ সাংডেল নামে এক আন্তর্জাতিক বিশ্লেষক বলেন, এই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ প্রত্যেকে তালেবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা চালাবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














