পদ্মা ও মেঘনা নামে দুটি বিভাগ হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-২১ ১৫:৫০:০৭
দুইটি নদীর নামে হবে দুইটি বিভাগ। একটা পদ্মা আর একটা মেঘনা। ‘কু’ নাম দিয়ে আমি কোনো বিভাগ দেবো না। কুমিল্লা বিভাগের এর নতুন নাম দেয়া হবে মেঘনা এবং ফরিদপুর বিভাগের এর নতুন নাম হবে পদ্মা বিভাগ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনী আয়োজনে দুপুরে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকার প্রধান।
কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহারউদ্দীন বাহার প্রধানমন্ত্রীকে কুমিল্লা নামে বিভাগ করার অনুরোধ করলে প্রধানমন্ত্রী বলেন, তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত। তাই কুমিল্লা নামে আমি কোনো বিভাগ দেবো না। কুমিল্লা নামের কথা মনে হলেই মোস্তাকের নাম মনে ওঠে।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, এই নামে বিভাগ করলে অন্য কোন জেলা আসতে চাবে না। কুমিল্লা নামে বিভাগ করলে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়াও আসতে চায় না। যদি বিভাগ চাও আমি মেঘনা নামেই করে দিতে পারি। পদ্মা পাড়ি দিয়ে যাবো ফরিদপুর আর মেঘনা নদী পাড়ি দিয়ে যাবো কুমিল্লা।
এর আগে ২০১৫ সালে কুমিল্লা জেলাকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পরে ২০১৭ সালে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পরিকল্পনার কথা জানান সরকারপ্রধান।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














