সব সিটি ও পৌর সড়কে আইডি নম্বর দেওয়ার সিদ্ধান্ত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৫ ১৫:৫৪:৫২


দেশের সকল গ্রামীণ সড়কগুলোর জন্য আলাদা আইডি নম্বর থাকলেও সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে তা নেই।এ জন্য সড়কের উন্নয়ন কাজ করতে গিয়ে টেন্ডার প্রক্রিয়ায় নানা জটিলতায় পড়তে হয় সংশ্লিষ্টদের। অনেক সময় একই রাস্তা ভিন্ন ভিন্ন নামে টেন্ডার করে বিল উঠিয়ে নেওয়ার ঘটনা ঘটে। আবার একই রাস্তা ভিন্ন ভিন্ন সংস্থাও দাবি করে। বিষয়টি ভাবিয়ে তুলেছে দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের। এ জন্য সড়কগুলোর আইডি নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, পর্যায়ক্রমে সব সিটি করপোরেশন ও পৌরসভার প্রত্যেকটি রাস্তার কোড নম্বর দেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রেকৌশল অধিদফতর সূত্র জানায়, ১৯৯০ সালের প্রথম দিকে গ্রামীণ রাস্তাগুলোর নামকরণের জন্য দুই ধরনের ডাটাবেজ করা হয়। আর তা হচ্ছে—রোড স্ট্রাকচার ও ব্রিজ এবং জিআইএস ডাটাবেজ। এই গ্রামীণ রাস্তাগুলোকে উপজেলা রোড, ইউনিয়ন রোড, ভিলেজ টাইপ ‘এ’ ও ভিলেজ টাইপ ‘বি’ ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। বর্তমানে ডাটাবেজে রাস্তার সব তথ্য রয়েছে। ডাটাবেজের কোনও রাস্তা পৌরসভা বা সিটি করপোরেশনে যুক্ত হলে ডাটাবেজ থেকে তা বাদ দেওয়া হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের সব পৌরসভা ও সিটি করপোরেশনের রাস্তাগুলোর কোনও আইডি নম্বর নেই। রাস্তাগুলো স্থানীয় এলাকা বা ব্যক্তির নামে রয়েছে। অনেক রাস্তার কোনও নামও নেই। এ অবস্থায় অনেক সময় রাস্তাগুলো ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভায় প্রবেশ করলেও এলজিইডি তাদের বলে দাবি করে। আবার অনেক ক্ষেত্রে একই রাস্তার ভিন্ন ভিন্ন নাম উল্লেখ করে কয়েকবার টেন্ডার করে অর্থ তুলে নেওয়ার ঘটনাও ঘটে থাকে।

সানবিডি/এনজে