চাঁদপুরে মেঘনায় বাল্কহেডে আগুন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৩ ১৫:৪৭:৫৭
চাঁদপুরে মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এম ভি ফারুক নামে একটি কার্টনবাহী বাল্কহেডে আগুন লেগেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
এ ব্যাপারে জানা যায়, বাল্কহেডটি বরিশাল থেকে খালি কার্টন নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে গ্রিন বয়ার কাছে এলে কার্টনে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের জাহাজ অগ্নিবিনাশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং বাল্কহেডে থাকা ৬ জনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক জাহাজ অগ্নিবিনাশ ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে তা বলা যাবে। এখনও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













