মামলার জট রাজস্ব আদায়ে বড় বাধাঃ এনবিআর চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-০৯ ১৫:৫১:১১
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, মামলার জট রাজস্ব আদায়ে বড় বাধা। এই চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, মামলার কারণে রাজস্ব আহরণ ব্যাহত হচ্ছে। তবে রাজস্ব আদায় বাড়াতে রাজস্ব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, কর্মকর্তাদের ভুল অ্যাসেসমেন্টের কারণে অনেক ক্ষেত্রে মামলার উৎপত্তি হয়। এটি যাতে না হয় সেজন্য কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত রাজস্ব আয়ের তথ্য তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ২৬৭ কোটি টাকা। গত বছর একই সময়ে আদায় হয়েছিলো ৮৭ হাজার ১৯৪ কোটি টাকা।
আগামীকাল শুক্রবার উদযাপিত হবে জাতীয় ভ্যাট দিবস। একই দিনে শুরু হচ্ছে ভ্যাট সপ্তাহ। এই উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জনগণকে ভ্যাট প্রধানে উদ্বুদ্ধ করতে ২০১১ সাল থেকে ভ্যাট দিবস পালন করে আসছে এনবিআর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এনবিআর-এর ভ্যাট সদস্য মাসুদ সাদিক, জাকিয়া সুলতানা, আব্দুল মান্নান শিকদার, শাহীন আক্তারসহ অনেকে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














