ইউজিসি-ব্রিটিশ কাউন্সিল সমঝোতা স্মারক সই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২১ ২০:১৫:৩১
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা স্মারক এবং অপারেশনাল অ্যালায়েন্স সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই পক্ষ বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে বেশ কয়েকটি ক্ষেত্রে একত্রে কাজ করতে সম্মত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশশা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক ও অপারেশনাল অ্যালায়েন্স সই করেন।
চুক্তির লক্ষ্য- বিদ্যমান টিচিং-লার্নিং কার্যক্রমকে শক্তিশালীকরণ, কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম পুনরায় চালুকরণ, গোইং গ্লোবাল পুনরায় চালুকরণ, উচ্চশিক্ষা ও গবেষণায় আঞ্চলিক পলিসি ডায়ালগ আয়োজন, উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন প্রকল্প শুরুকরণ, এন্ড্রাগজি ও হিউটাগজি প্রণয়নে সহযোগিতা প্রদান, লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে সহযোগিতা প্রদান এবং উচ্চশিক্ষায় ফেলোশিপ প্রোগামে যৌথভাবে কাজ করা।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে সমঝোতা স্মারক ও অপারেশনাল অ্যালায়েন্স সই অনুষ্ঠানে বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ও অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর এডুকেশন ডেভিড মেনার্ড এবং ইউজিসি’র এসপিকিউএ বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে ৫০ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা। উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে আউটকাম বেজড এডুকেশন চালু করার বিষয়ে ইউজিসি কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন নুসরাত জাহান, ইংলিশ অ্যান্ড হায়ার এডুকেশন-এর প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং ইউজিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













