বিজিবি’র অভিযানে টেকনাফে ৫ কোটি টাকার আইস উদ্ধার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৬ ১৭:০৯:৫৭
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৫ কোটি ১৮ লাখ টাকা মূল্যের ১ কেজি আইস উদ্ধার করেছে। শনিবার মধ্যে রাতে টেকনাফ ব্যাটালিয়ন এই অভিযান চালায়।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপি’র বিশেষ টহলদল জেলে পাড়া স্লুইচ গেইট এলাকা বরাবর নাফ নদীর তীরবর্তী বেড়িবাঁধে নিয়মিত টহল কার্যক্রমে ছিল। তখন টহলদল রাত আনুমানিক ১২ টা ৪৫ মিনিটে সন্দেহভাজন ২ জন চোরাকারবারীকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের ভেতরে বেড়িবাঁধ অতিক্রম করতে দেখে। চোরাকারবারীদের দেখা মাত্রই টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে খুব দ্রুত সামনের দিকে অগ্রসর হয়। কিন্তু চোরাকারবারীরা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে নাফ নদীতে ঝাঁপ দিয়ে রাতের গভীর ঘন কুয়াশার সুযোগ নিয়ে দ্রুত সাঁতরিয়ে পার্শ্ববর্তী মিয়ানমার সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।
তিনি বলেন, পরবর্তীতে টহলদল ওই স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে পাচারকারীদের ফেলে যাওয়া ১টি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগটি তল্লাশী করে ব্যাগের ভিতর থেকে ৫ কোটি ১৮ লক্ষ টাকা মূল্যমানের ১.০৩৬ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।
চোরাকারবারীদের আটকের জন্য ওই এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে পরবর্তী কয়েকঘণ্টা অভিযান পরিচালনা করে। তবে পাচারকারী কিংবা তাদের কোন সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।
উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি ফলে চোরাকারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে তাদেরকে সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলছে।
অধিনায়ক বলেন, টেকনাফ ব্যাটালিয়ন টেকনাফ সীমান্তের দায়িত্বভার গ্রহণের পর থেকে মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, মানবপাচারসহ সীমান্তে সংঘটিত সকল প্রকার সীমান্ত অপরাধসমূহ প্রতিরোধকল্পে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













