বইমেলায় শাহরিয়ার হোসেনের স্বর্ণপ্রাতে
প্রকাশ: ২০১৬-০২-০৮ ২২:১২:০৯
অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ উপলক্ষে প্রতিদিনই উন্মোচিত হচ্ছে নতুন এবং পুরাতন লেখকদের বই। তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে শাহরিয়ার হোসেন এর বই ‘স্বর্ণপ্রাতে’।
স্বদেশী আন্দোলন আর ব্রিটিশ বিরোধী তৎপরতায় মেতে রয়েছে পুরো ভারত, মেতে রয়েছে বাঙলার স্বাধীনচেতা জনগণ। ইতিহাসের এমনই এক উত্তাল, অনিশ্চিত ক্ষণে আমরা খুজে পাই তনু, অরুণ আর রজনীকে-সোনারগার ঝলমলে পানামনগরে।
সকলেই সম্ভ্রান্ত, বিত্তবান ঘরের। বচনে তাদের উচ্চাশা, কদমে প্রত্যয়, স্বজনে প্রমিতি। তবে এই সাদৃশ্যের মাঝেও তারতম্য রয়েছে তাদের দৃষ্টিভঙ্গিতে, তাদের অভিলাষের সূত্রে। স্বর্ণালী ভবিষ্যতের পানে প্রত্যয়ের সাথে তারা পথ চলেছে হৃদয়ের গোপন অভিপ্রায়টিকে পুজি করে।
আপাত দৃষ্টিতে জীবন তাদের বিচ্ছিন্ন মনে হলেও অদৃষ্ট তাদের একই সুতোয় বাধা। ধীরে ধীরে এই সুতোর পাক খুলে ভবিষ্যত উদঘাটিত হয় নানা ছলে, নানা আয়োজনে। কী পরিণতি রয়ছে এ খেলার শেষে? কী অদৃষ্ট অপেক্ষায় রয়েছে তাদের স্বাগত জানাতে? জীবনভর যেই অভিষ্টের দিকে তারা ছুটেছে, যাত্রা শেষে কী মিলবে তার দেখা? নাকি অদৃষ্ট চলবে আপন নিয়মে? দেবে না কাউকে পরিত্রাণ, দেবে না কাউকে নিষ্কৃতি? এভাবেই সাজানো হয়েছে শাহরিয়ার হোসেনের স্বর্ণপ্রাতে এর ঘটনা।
পাঠকদের উদ্দেশ্যে লেখক বলেন, বর্তমানকালে ইন্টারনেটমুখী, ত্বরিত-পরিতুষ্টিকামী প্রজন্মের মাঝে বই অনুরাগীর সংখ্যা নিতান্ত কম-এমন কথা প্রায়ই শোনা যায় আজকাল। কথাটি সত্য, তবে আমার বিশ্বাস আজও যারা রয়েছেন তারা বাস্তবেই ভালো মনের পাঠক, এবং তাদের অনেকেই ভিন্নধর্মী কিছু খোজেন। ভিন্ন কিছু উপহার দেওয়ার প্রচেষ্টাতেই লিখে যাচ্ছি।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














